- ২৪ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আর্থিক সংকট কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে সরকারের কাছে পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকা সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ। প্রতিবছর ১৫ হাজার কোটি টাকা করে এই অর্থ দেওয়ার প্রস্তাব করেছে ব্যাংকটি। তাদের প্রতিশ্রুতি, সহায়তা পাওয়ার ষষ্ঠ বছর থেকে মুনাফাসহ পুরো অর্থ সরকারকে ফেরত দেওয়া হবে। একই সঙ্গে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আটকে থাকা প্রায় ১৪ হাজার কোটি টাকা উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যাংকটির আর্থিক পুনরুদ্ধারে ১৩ দফা প্রস্তাব সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো হয়েছে। তিনটি পর্যায়ে সাজানো এসব প্রস্তাবে মূলধন ঘাটতি পূরণ, তারল্য সংকট মোকাবিলা এবং সরকারি আর্থিক সহায়তার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকে পাঠানো ‘ইসলামী ব্যাংক পর্ষদের প্রস্তাব’ শীর্ষক নথিতে বলা হয়েছে, ব্যাংকটির স্বাভাবিক ও টেকসই কার্যক্রম ফিরিয়ে আনতে মূলধন বাড়ানো, তারল্য পরিস্থিতির উন্নতি এবং রাজস্ব খাত থেকে বিশেষ সহায়তা প্রয়োজন। এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংকটির বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ থাকলেও সেসব অর্থ উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় বিকল্প পুনরুদ্ধার পরিকল্পনার প্রয়োজন দেখা দিয়েছে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
সরকারের কাছে পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকা চাওয়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকেও বিশেষ তারল্য সহায়তা চেয়েছে ব্যাংকটি। এ ক্ষেত্রে সম্মিলিত ইসলামী ব্যাংকের আদলে ৪ শতাংশ সুদে অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। দীর্ঘমেয়াদি পরিশোধ ব্যবস্থা এবং উপযুক্ত শর্তের আওতায় এই অর্থ ফেরত দিতে চায় প্রতিষ্ঠানটি।
এ ছাড়া এস আলম গ্রুপসহ অন্যান্য ঋণখেলাপির কাছ থেকে অর্থ আদায়ে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা চাওয়া হয়েছে। প্রস্তাবে দেশি-বিদেশি সম্পদ জব্দ, অবরুদ্ধ শেয়ারের মালিকানা গ্রহণ এবং সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি বা বিশেষ উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠানের মাধ্যমে এসব সম্পদ বিক্রির সুযোগ রাখার কথা বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পরিদর্শনের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠানের নামে থাকা শেয়ারের পরিমাণ ৮১ দশমিক ৯২ শতাংশ। ২০২৪ সালের আগস্টের পর থেকে এসব শেয়ার স্থগিত রয়েছে। গত ৩০ আগস্ট আদালতের এক আদেশে শেয়ারগুলো তিন মাসের জন্য অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়।
ব্যাংকটির দাবি, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাদের প্রায় ১৪ হাজার কোটি টাকা আটকে রয়েছে। এর মধ্যে পাঁচটি ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে ১১ হাজার ২৬৪ কোটি টাকা, জনতা ব্যাংকে ১ হাজার ৩০৯ কোটি টাকা এবং আভিভা ফাইন্যান্সে ১ হাজার ৮৫ কোটি টাকা রয়েছে। এসব অর্থ ফেরত পাওয়া গেলে তারল্য পরিস্থিতির উন্নতি এবং আর্থিক কার্যক্রম স্বাভাবিক করা সহজ হবে বলে মনে করছে ব্যাংকটির পর্ষদ।
পুনরুদ্ধার পরিকল্পনায় নগদ জমা সংরক্ষণ অনুপাত (সিআরআর) ও বিধিবদ্ধ তারল্য অনুপাতের (এসএলআর) ঘাটতির কারণে আরোপিত জরিমানা ও সংশ্লিষ্ট চার্জ মওকুফের প্রস্তাবও রয়েছে। তবে বিদ্যমান আইন অনুযায়ী, এ ধরনের জরিমানা মওকুফের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের হাতে নেই। ব্যাংক কোম্পানি আইনের আওতায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের।
বর্তমান বিধি অনুযায়ী, ব্যাংকগুলোকে মোট তলবি ও মেয়াদি দায়ের ৪ শতাংশ সিআরআর হিসেবে বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। অন্যদিকে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর জন্য এসএলআর সংরক্ষণের হার সাড়ে ৫ শতাংশ। নির্ধারিত হারের তুলনায় কম অর্থ সংরক্ষণ করলে সিআরআরের ঘাটতির ওপর ৯ শতাংশ এবং এসএলআরের ঘাটতির ওপর ১১ শতাংশ হারে জরিমানা দিতে হয়।
মূলধন বাড়ানোর ক্ষেত্রেও কয়েকটি প্রস্তাব দিয়েছে ইসলামী ব্যাংক। প্রথম পর্যায়ে ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি চাওয়া হয়েছে। এ জন্য পরিচালন কাঠামোসংক্রান্ত মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের প্রয়োজনীয় ধারা সংশোধনের সুযোগও চেয়েছে প্রতিষ্ঠানটি।
পরবর্তী পর্যায়ে সরকারকে ব্যাংকটির কৌশলগত অংশীদার করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে ১০ টাকা অভিহিত মূল্যের ৬০০ কোটি নতুন শেয়ার ইস্যু করার পরিকল্পনা রয়েছে। এতে ব্যাংকটির পরিশোধিত মূলধন বর্তমানের ১ হাজার ৬১০ কোটি টাকা থেকে বেড়ে ৭ হাজার ৬১০ কোটি টাকায় দাঁড়াবে। প্রস্তাব অনুযায়ী, সরকার বা যোগ্য কোনো সরকারি প্রতিষ্ঠান ইকুইটি বিনিয়োগ কিংবা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে অর্থ বিনিয়োগ করলে ব্যাংকটির ৭৮ দশমিক ৮৪ শতাংশ মালিকানা সরকারের হাতে যেতে পারে।
ব্যাংকটির পর্ষদের ভাষ্য, মূলধন বাড়ানো গেলে বাসেল-৩ নীতিমালা অনুযায়ী মূলধন ঘাটতি পূরণ এবং সম্ভাব্য আর্থিক ক্ষতি মোকাবিলার সক্ষমতা তৈরি হবে। এতে সরকারি তারল্য সহায়তার ওপর নির্ভরশীলতা কমবে। পাশাপাশি আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকিং সেবা অব্যাহত রাখার পথও সহজ হবে।
এদিকে ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে আন্দোলন করছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সংগঠনটি জামায়াতপন্থি হিসেবে পরিচিত। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং পদাধিকারবলে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন চৌধুরী ব্যাংকটির পর্ষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ক্ষমতাসীন বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনার ভিত্তিতে ব্যাংকটিতে শিগগিরই পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হতে পারে। এ বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা পর্ষদ সদস্যরাও পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের বিষয়ে মতামত দিয়েছেন। বিষয়টি নিয়ে কাজ চলছে।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রথম শরিয়াহভিত্তিক ব্যাংক। দীর্ঘদিন ধরে জামায়াতপন্থিদের কর্তৃত্বে পরিচালিত ব্যাংকটির পর্ষদ ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। এরপর বিভিন্ন সময়ে আন্দোলনের মুখে ব্যাংকটির তিনজন চেয়ারম্যান পরিবর্তন হয়েছেন। ব্যবস্থাপনা পরিচালক পরিবর্তন হয়েছেন দুজন। দীর্ঘ সময় ধরে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দিয়েই চলছে ব্যাংকটির কার্যক্রম।
ব্যাংকটির আর্থিক সূচকেও সংকটের গভীরতা স্পষ্ট। চলতি বছরের জুন পর্যন্ত ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯১৫ কোটি টাকা, যা মোট ঋণের ৫২ দশমিক ১৫ শতাংশ। একই সময়ে প্রভিশন ঘাটতি ছিল ৮২ হাজার ৩৩৪ কোটি টাকা। চলতি বছরের প্রথম নয় মাসেই ব্যাংকটি নিট লোকসান করেছে ৩ হাজার ২৮৬ কোটি টাকা।
এ অবস্থায় সরকারের কাছে বিপুল অঙ্কের সহায়তার প্রস্তাব এবং আটকে থাকা অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চাওয়ার মধ্য দিয়ে ইসলামী ব্যাংকের পুনরুদ্ধার পরিকল্পনা নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে প্রস্তাবিত অর্থায়ন কী শর্তে দেওয়া হবে, সরকারের মালিকানা কতটা বাড়বে এবং ব্যাংকটির আর্থিক অনিয়মের দায় কীভাবে নির্ধারণ করা হবে—এসব বিষয়ই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।