Wednesday, November 25, 2026

রমজানের আগে খেজুর, আপেল ও কমলার শুল্ক কমাল এনবিআর


ছবিঃ রমজানের আগে খেজুর, আপেল ও কমলায় শুল্ক কমাল এনবিআর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার দাম সাধারণ মানুষের নাগালে রাখতে এসব ফল আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্কও কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে শুল্ক কমানোর এ সিদ্ধান্ত জানায় এনবিআর। সংস্থাটির আশা, আমদানি পর্যায়ে করের চাপ কমলে এসব ফলের আমদানি বাড়বে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে। এর প্রভাবে রমজানে ফলগুলোর দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খেজুর আমদানিতে নতুন শুল্কহার ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। শুল্ক ২৫ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনায় ফলটির আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে দাঁড়াবে।

অন্যদিকে, আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এ দুই ফলের ক্ষেত্রে সম্পূরক শুল্ক ও ভ্যাট নির্ধারণ করা হয়েছে ২০ শতাংশ। ফলে আপেল ও কমলা আমদানিতে মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে। তবে এ সুবিধা কার্যকর থাকবে ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

এনবিআর মনে করছে, শুল্ক কমানোর ফলে আমদানিকারকদের ব্যয় কমবে। এতে বাজারে এসব ফলের সরবরাহ বাড়ার পাশাপাশি ভোক্তাদের জন্য দাম সহনীয় রাখার সুযোগ তৈরি হবে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আমদানি-নির্ভর ফলগুলোর শুল্ক কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা গেছে।

দেশে আপেল ও কমলার আমদানির পরিসংখ্যানেও ওঠানামার চিত্র দেখা যায়। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হয়েছিল। পরবর্তী বছরগুলোতে আমদানি কমতে কমতে ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৬২ হাজার টনে নেমে আসে। আলোচিত সময়ের মধ্যে এটিই ছিল সর্বনিম্ন। তবে ২০২৫-২৬ অর্থবছরে আপেল আমদানি কিছুটা বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে পৌঁছায়।

কমলার আমদানিতে অবশ্য নিম্নমুখী প্রবণতা আরও স্পষ্ট। ২০২০-২১ অর্থবছরে দেশে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি করা হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়ায় ১ লাখ ৬৯ হাজার টনে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আমদানির পরিমাণ আরও কমে ১ লাখ ৫৪ হাজার টনে নেমেছে, যা ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।

রমজানকে সামনে রেখে খেজুর, আপেল ও কমলার শুল্ক কমানোর সিদ্ধান্তকে বাজারে সরবরাহ বাড়ানোর উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে আমদানি পর্যায়ে কর কমানোর সুবিধা শেষ পর্যন্ত খুচরা বাজারে কতটা প্রতিফলিত হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বাজারসংশ্লিষ্টদের মতে, অনেক সময় আমদানিতে ব্যয় কমলেও তার পুরো সুবিধা ক্রেতাদের কাছে পৌঁছায় না।

তাই শুল্ক কমানোর পাশাপাশি আমদানি, পাইকারি ও খুচরা পর্যায়ে বাজার তদারকি জোরদার করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে রমজানে বাড়তি চাহিদার সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে দাম বাড়ানোর প্রবণতা ঠেকানো সম্ভব হতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন