- ২৬ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আগামী বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের চাহিদা মেটাতে বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ের জন্য ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন কিনতে প্রায় ৮ হাজার ১০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব আমদানি প্রস্তাব অনুমোদন পায়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হবে হাই সালফার ফার্নেস অয়েল (১৮০ সিএসটি) আমদানিতে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে এ তেল কিনতে ব্যয় হবে প্রায় ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ টাকা।
একই প্রতিষ্ঠানের কাছ থেকে দুটি প্যাকেজে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল বা ডিজেল আমদানি করা হবে। প্রথম প্যাকেজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৬০ কোটি ৪১ লাখ টাকা। দ্বিতীয় প্যাকেজের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ টাকা।
এ ছাড়া সিঙ্গাপুরের ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে প্রায় ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ টাকায় গ্যাসোলিন ৯৫ আনলেডেড বা অকটেন কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
তবে ডিজেল ও জেট এ-১ আমদানির আরও দুটি প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হলেও সেগুলো অনুমোদন পায়নি। প্রস্তাব দুটি আরও পর্যালোচনা করে পরবর্তী সময়ে কমিটির বৈঠকে তোলার সিদ্ধান্ত হয়েছে।
জ্বালানি তেলের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির প্রস্তাবও অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। খাদ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাবে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০৮ কোটি ৮০ লাখ টাকা। প্রতি টন গমের দাম পড়বে ৩৪৭ দশমিক ৭৫ ডলার।
ইউএস হুইট অ্যাসোসিয়েটসের ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড এ গম সরবরাহ করবে।
এদিকে কৃষি উৎপাদন ও সার সরবরাহ নিশ্চিত করতে তিনটি উৎস থেকে ইউরিয়া ও এমওপি সার আমদানির সিদ্ধান্তও অনুমোদিত হয়েছে। এর মধ্যে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে আমদানি করা হবে ৩০ হাজার টন ব্যাগভর্তি গ্র্যানুলার ইউরিয়া।
অন্যদিকে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের (সিসিসি) সঙ্গে সরকার-টু-সরকার চুক্তির আওতায় ৪০ হাজার টন এমওপি সার আমদানি করবে সরকার।
জ্বালানি তেলের পাশাপাশি খাদ্যশস্য ও সার আমদানির এসব প্রস্তাব অনুমোদনের মধ্য দিয়ে আগামী ছয় মাসের জ্বালানি চাহিদা এবং খাদ্য ও কৃষি উপকরণের সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার।