- ২৫ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলিতে কামরুজ্জামান বাবলু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) ভোরে উপজেলার আলীখিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবলু পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকার বাসিন্দা এবং আবুল কালাম সওদাগরের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তিনি নানার বাড়ির একটি খামারে সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে যান। ভোরের দিকে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার সময় আলীখিল ডিএনও ব্রিক ফিল্ডের পাশের সড়কে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আবুল কালাম সওদাগর অভিযোগ করেন, তার ছেলে সাধারণ শ্রমিক হলেও এলাকায় অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব ছিলেন। এ কারণে স্থানীয় কিছু দুর্বৃত্তের কাছ থেকে তিনি নিয়মিত হুমকি পেতেন। সেই বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পরিবারের ধারণা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও তিনি জানান।