- ২৫ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গাজীপুর মহানগরে বিএনপি নেতার নাম ব্যবহার করে একটি মাদক নিরাময় কেন্দ্রের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, ‘আলোর জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’-এর এক পরিচালকের কাছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পৃথক দুটি মোবাইল নম্বর থেকে ফোন করে নিজেদের প্রভাবশালী পরিচয় দিয়ে ৩ লাখ টাকা দাবি করে। তারা দাবি পূরণ না হলে পরিণতি ভালো হবে না বলে হুমকিও দেয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফোনের অপর প্রান্ত থেকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর সংশ্লিষ্ট পরিচালক বিষয়টি গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুকে অবহিত করেন। পরে তিনি নিজেই বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
রাকিব উদ্দিন সরকার পাপ্পু অভিযোগ করে বলেন, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে তার নাম ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করছে, যাতে তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করা যায়। এর আগেও একই ধরনের অপচেষ্টা হয়েছে বলেও তিনি দাবি করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। প্রাথমিক তথ্য-উপাত্ত যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।