- ২৫ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশে হামের সংক্রমণ ও এর উপসর্গজনিত জটিলতায় আবারও শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে তিন শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও চার শিশু মারা গেছে। এতে একদিনেই মোট সাত শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৪২ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১৯৮ জন শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ২১৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৮৬০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছে সর্বোচ্চ ৩৬৩ জন।
এ সময়ে শুধু ঢাকা বিভাগেই ছয়টি শিশু এবং সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে, একই ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৭৯৯ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগ থেকেই ছাড়পত্র পেয়েছে ৩৭৩ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ২৯ হাজার ৫৪৯ জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৭০৫ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৪ হাজার ২৩১ জনের ক্ষেত্রে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত ১৬ হাজার ৫২৭ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে।
দেশজুড়ে হামের এই বিস্তার শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান ও চিকিৎসা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে।