- ০৩ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। রাঙামাটি
রাঙামাটিতে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার পিস ইয়াবাসহ গণঅধিকার পরিষদের জেলা শাখার এক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় শহরের মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন গণঅধিকার পরিষদের রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি জলমনি চাকমা (৪৯) এবং বিলাইছড়ি উপজেলার ধোপ্পাছড়ি এলাকার বাসিন্দা নতুন বাবু তঞ্চঙ্গ্যা (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ মারী স্টেডিয়াম এলাকায় নজরদারি ও অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া মাদক বিক্রির উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাঙামাটি কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন পুলিশ কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের আদালতে সোপর্দ করার পাশাপাশি জিজ্ঞাসাবাদের স্বার্থে রিমান্ডের আবেদনও করা হবে।
পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।