Friday, May 22, 2026

রামিসা হত্যাকাণ্ড নিয়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা ঠেকাতে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের


ছবিঃ রাজধানীর পল্লবীসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় সভাপতির বক্তব্য দিচ্ছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, তবে তা অবশ্যই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত।

শুক্রবার সকালে রাজধানীর পল্লবী এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, রামিসা হত্যাকাণ্ডে দেশের মানুষ দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী ঘটনাটিকে কেন্দ্র করে উসকানি দিয়ে বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তাদের লক্ষ্য ন্যায়বিচার নয়, বরং পরিস্থিতিকে অস্থিতিশীল করা।

তিনি আরও বলেন, অপপ্রচার, মিথ্যাচার ও উসকানিমূলক স্লোগানের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। এ সময় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জামায়াতের কর্মকাণ্ড প্রসঙ্গে আমিনুল হক বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করেছেন। এখন দলীয় নেতাকর্মীদের আরও সচেতন থাকতে হবে, যাতে কোনো গোপন তৎপরতার মাধ্যমে বিভ্রান্তি বা ক্ষতি সৃষ্টি করা না যায়।

তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতায় বিএনপি বিশ্বাস করে। তবে সেই স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যদি বিশৃঙ্খলা বা অপকর্মে জড়ানোর চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

দলের অভ্যন্তরীণ ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মতভেদ থাকলেও সবাইকে দলীয় আদর্শের জায়গা থেকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো নেতাকর্মী আঘাতের শিকার হলে সবাইকে তার পাশে দাঁড়াতে হবে।

সভা শেষে পল্লবী ও রূপনগর থানার পঙ্গু ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন আমিনুল হক।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন