Saturday, May 23, 2026

খাগড়াছড়িতে খাল খনন প্রকল্পের এস্কেভেটর আগুন, তদন্তে প্রশাসন


ছবিঃ খাগড়াছড়িতে সরকারি উদ্যোগে খাল খননকাজে ব্যবহৃত এস্কেভেটর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খাগড়াছড়ি

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সরকারি খাল খনন প্রকল্পে ব্যবহৃত একটি এস্কেভেটর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে যন্ত্রটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের পিলাক খাল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা সেখানে গিয়ে এস্কেভেটর আগুন ধরিয়ে দেয়।

পিলাক খাল খনন কমিটির প্রকল্প সভাপতি ও হাফছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অংগ্যজয় মারমা জানান, খাল পুনঃখনন কাজ চলমান অবস্থায় ব্যবহৃত এস্কেভেটরটিতে আগুন দেওয়া হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না। তিনি জানান, গত ২৮ এপ্রিল থেকে পিলাক খালের খননকাজ শুরু হয়েছে এবং ইতোমধ্যে বেশ কিছু অংশের কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মোহাম্মদ সোহরাওয়ার্দী, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বলেন যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল এ বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন