- ২৩ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। বগুড়া
বগুড়া পুলিশ লাইন্সের একটি কক্ষ থেকে আরিফুল ইসলাম (৪০) নামে এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এ ঘটনা জানাজানি হলে পুলিশ লাইন্সজুড়ে শোকের ছায়া নেমে আসে।
নিহত আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘরিয়া গ্রামের বাসিন্দা। তিনি বগুড়া পুলিশ লাইন্সের বেতার শাখায় কর্মরত ছিলেন। কর্মস্থলের ভবনের দ্বিতীয় তলায় অন্যান্য সদস্যদের সঙ্গে থাকতেন তিনি। তার স্ত্রী ও সন্তানরা গ্রামের বাড়িতেই বসবাস করেন।
সহকর্মীরা জানান, বৃহস্পতিবার রাত পর্যন্ত আরিফুল ইসলাম স্বাভাবিক ছিলেন। শুক্রবার সকালে দীর্ঘ সময় তাকে দেখা না গেলে সহকর্মীরা খোঁজ নিতে শুরু করেন। একপর্যায়ে পাশের একটি ওয়ার্কশপ কক্ষ ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে সন্দেহ হয় তাদের। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখা যায়, তিনি সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে ঝুলছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মীর্জা সায়েম মাহমুদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং মরদেহ উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক চাপ বা ব্যক্তিগত কোনো কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল College হাসপাতাল–এর মর্গে পাঠানো হয়। প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে কোনো পারিবারিক বিরোধের তথ্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।