Saturday, May 23, 2026

সিলেটে দেড় বছরের শিশুকে গলা কেটে হত্যার অভিযোগে মা আটক


প্রতীকী ছবিঃ এক বছর আট মাস বয়সী এক কন্যাশিশুকে গলা কেটে হত্যা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। সিলেট 

সিলেট নগরীর জালালাবাদ থানাধীন এলাকায় এক বছর আট মাস বয়সী এক কন্যাশিশুকে গলা কেটে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির মা সুবিনা বেগমকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার ভোরে পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তোহা। ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিবার সূত্রে জানা যায়, ফজরের আজানের সময় শিশুটি ঘুম থেকে জেগে উঠলে তার বাবা আমীর আলী স্ত্রীকে নামাজ আদায় করতে বলে মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফেরার আগেই পরিবারের অন্য সন্তানরা তাকে জানায়, ছোট্ট তোহাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। পরে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল–এর মর্গে পাঠানো হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে শিশুটির মা সুবিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

পুলিশ বলছে, আটক নারী এখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। তিনি মানসিকভাবে স্থিতিশীল হলে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন