Friday, May 22, 2026

ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা


ছবিঃ নাসীরুদ্দীন পাটওয়ারী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঝিনাইদহ 

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী–এর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজের পর শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। পরে নাসীরুদ্দীন পাটওয়ারী নেতাকর্মীদের নিয়ে সদর থানায় অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে অংশ নিতে সকালে ঝিনাইদহে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। জুমার নামাজ আদায়ের জন্য তিনি জেলা কালেক্টরেট মসজিদে যান। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সঙ্গে তার কথা হয়। এ সময় হঠাৎ কয়েকজন যুবক পেছন দিক থেকে ডিম নিক্ষেপ করে এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন। শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন জেলায় গিয়ে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছেন। বিষয়টি নিয়ে কথা বলতেই তিনি সেখানে যান। তবে হামলা বা ডিম নিক্ষেপের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন।

একই ধরনের বক্তব্য দিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলও। তিনি বলেন, এ ঘটনায় ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত নয়।

অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপির প্রভাবশালী একটি পক্ষ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তার দাবি, হামলায় অন্তত তিন থেকে চারজন নেতাকর্মী আহত হয়েছেন। তিনি ঘটনার বিচার দাবি করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন