Friday, September 4, 2026

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধীদের বিকল্প পরিকল্পনা চান রিজভী


ছবিঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের সমালোচনার পাশাপাশি বিরোধী দলগুলোকে সুনির্দিষ্ট বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, রাজপথে আন্দোলন বা কর্মসূচি দেওয়ার পাশাপাশি জাতীয় সংসদে এসে সংকট সমাধানে কার্যকর প্রস্তাব দেওয়া প্রয়োজন। কীভাবে, কোথা থেকে এবং কোন উপায়ে দেশের জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, সে বিষয়ে বিরোধীদের সুস্পষ্ট পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

বিরোধীদের উদ্দেশে রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের দাবিতে লংমার্চ কিংবা বিভিন্ন কর্মসূচি পালন করা রাজনৈতিক অধিকারের অংশ। তবে এর পাশাপাশি সংকট থেকে উত্তরণের বাস্তবসম্মত পথও দেখাতে হবে। জাতীয় সংসদে সরকারের নীতির সমালোচনা ও বিকল্প প্রস্তাব দেওয়ার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে পরিকল্পিতভাবে অচলাবস্থা সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। সংকট আরও জটিল না করে কীভাবে এর সমাধান করা যায়, সে বিষয়ে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রিজভী বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং আগের সরকারের ভুল পরিকল্পনার প্রভাব পড়েছে দেশের জ্বালানি ব্যবস্থাপনায়। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহনে বাধার কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। এর ফলে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সাময়িক জটিলতা দেখা দিয়েছে বলে দাবি করেন তিনি।

রিজভী আরও বলেন, বর্তমান সংকটকে কেবল সরকারের একক ব্যর্থতা হিসেবে দেখলে বাস্তব পরিস্থিতি পুরোপুরি বোঝা যাবে না। অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি না করে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে সাহস ও উদ্দীপনা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, অভিনেতা হেলাল খান ও জাকির হোসেন রুকনসহ অনেকে।

আলোচনা পর্ব শেষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন