- ২৪ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিএনপি দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তার দাবি, বিএনপি মনোনয়নবঞ্চিত এবং নির্বাচনে পরাজিত প্রার্থীদের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পদ দিয়ে পুনর্বাসন করছে।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের সমালোচনা করতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি অভিযোগ করেন, গত ছয় মাসে দেশের ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ১১টি সিটি করপোরেশন ও ৬৩টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
জ্বালানি পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দেশে বড় ধরনের জ্বালানি তেল সংকট দেখা দেয়। সে সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়। এর প্রভাব পড়েছে গণপরিবহন, কৃষির সেচব্যবস্থা ও সার সরবরাহসহ বিভিন্ন খাতে।
নাহিদ ইসলামের দাবি, বর্তমানে দেশে গ্যাসের চাহিদার তুলনায় প্রায় ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে। এর ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে রান্নার সমস্যা তৈরি হয়েছে এবং শিল্পকারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। গ্যাস সংকটের কারণে শিল্প খাতের ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ক্ষমতায় আসার পর প্রথম দুই বছর বিদ্যুতের দাম বাড়ানো হবে না এমন অঙ্গীকার করা হলেও দুই মাসের মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি লোডশেডিং, অতিরিক্ত বা ‘ভুতুড়ে’ বিল এবং ক্যাপাসিটি চার্জের চাপও রয়েছে।
অন্তর্বর্তী সরকারের সময় গঠিত জাতীয় কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে না বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তার ভাষ্য, কোনো সংকট দেখা দিলে সরকার কখনো আগের সরকারের দিকে, আবার কখনো অন্তর্বর্তী সরকারের দিকে দায় ঠেলে দিচ্ছে। অথচ বর্তমানের চেয়ে কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার।
কৃষি ও স্বাস্থ্য খাতের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, কৃষকরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না এবং অনেক ক্ষেত্রে বেশি দামে সার কিনতে হচ্ছে। ঋণ প্রবৃদ্ধিও বাড়ছে। স্বাস্থ্য খাতে হাম পরিস্থিতির জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করা হলেও সংকট পুরোপুরি কাটেনি। এখন পর্যন্ত কোনো বিশেষায়িত হাসপাতালও গড়ে তোলা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
শিক্ষাঙ্গন নিয়েও বিএনপি সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারিত্ব ও বিরোধী মতাদর্শের শিক্ষার্থী-নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঘটনার কোনো কার্যকর বিচার হচ্ছে না।
রাজনৈতিক সহিংসতার পরিসংখ্যান তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, গত ছয় মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬৭০টি ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেন তিনি। দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীরাও হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন দলটির আহ্বায়ক।
নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি শুরু থেকেই বলে আসছে সরকার গণভোটের গণরায় প্রত্যাখ্যান করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তিনি।