- ২৪ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের নেতাকর্মীদের জনসম্পৃক্ত থেকে গঠনমূলক কাজে যুক্ত হওয়ার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুই নেতার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, বিএনপির মধ্যে দুই-একজন ব্যক্তি অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারেন। তবে দলের চেয়ারম্যান ৫ আগস্টের পর দলীয় পরিচয় ব্যবহার করে যারা অপকর্মে জড়িয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন। তাই নেতাকর্মীদেরও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নেতাকর্মীদের গঠনমূলক কাজে যুক্ত থাকতে হবে এবং সংগঠনকে শক্তিশালী করতে হবে। জনগণের প্রতিনিধি হিসেবে নিজেদের দায়িত্ব পালন করতে হলে সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকার ওপর গুরুত্ব দেন তিনি।
দলের সাংগঠনিক কর্মকাণ্ড প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপিকে সুশৃঙ্খল ও সুসংগঠিতভাবে পরিচালনা করাই এখন তার অন্যতম দায়িত্ব। দলের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী চলমান সাংগঠনিক কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যেই তিনি কাজ করবেন।
রিজভী বলেন, বিএনপি সরকার গঠন করেছে তারেক রহমানের নেতৃত্বে। তার ঘোষিত কর্মসূচিগুলো জনগণের স্বার্থ, মানবকল্যাণ, সামাজিক নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়কে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে। দলের নেতাকর্মীদের এসব কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করার পাশাপাশি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নেতাকর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর সুযোগ কমে যায়। জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা সম্ভাব্য প্রার্থীদের যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তিকে সমর্থন দেবেন। দলীয় প্রতীকে নির্বাচন না হলেও দল-সমর্থিত যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার বিষয়ে নেতাকর্মীদের কাজ করতে হবে।
এ সময় বিএনপির জনপ্রিয়তা নিয়ে বিভিন্ন জরিপের কথা তুলে ধরে রিজভী বলেন, নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের পরও বিএনপির প্রতি মানুষের সমর্থন রয়েছে। জনগণের স্বার্থে কাজ করতে পারলে দলীয় সরকার ব্যর্থ হবে না বলেও তিনি মন্তব্য করেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।