Monday, August 31, 2026

বিএনপিতে মাদক ব্যবসায়ী-অপরাধীর জায়গা হবে না: গয়েশ্বর চন্দ্র রায়


ফাইল ছবিঃ গয়েশ্বর চন্দ্র রায় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ী কিংবা অপরাধীর স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (২৯ আগস্ট) দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ২০২৬-২৭ অর্থবছরে সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দ করা ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দলের পরিচয় ব্যবহার করে কেউ মাদক বা অন্য কোনো অপরাধে জড়ালে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি দলের যত বড় নেতাই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক সময় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নানা ধরনের বাধা তৈরি হয়। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রবীণ ব্যক্তি, অভিভাবক ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

বক্তব্যে কেরানীগঞ্জের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে খেলার মাঠের সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তার দাবি, গত দুই থেকে তিন দশকে কেরানীগঞ্জের জনসংখ্যা কয়েক গুণ বেড়েছে। কিন্তু জনসংখ্যার তুলনায় খেলাধুলার সুযোগ ও মাঠের সংখ্যা পর্যাপ্ত নয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দখল ও প্লট ব্যবসার কারণে চুনকুটিয়াসহ এলাকার অনেক খেলার মাঠ সংকুচিত হয়ে গেছে। শিশু-কিশোরদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করা জরুরি।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শুধু পড়াশোনার দিকে নজর না দিয়ে সন্তানদের আগ্রহ ও প্রতিভার দিকেও গুরুত্ব দিতে হবে। খেলাধুলা, সংগীত কিংবা নাট্যচর্চার মতো সৃজনশীল কর্মকাণ্ডে সন্তানদের উৎসাহিত করলে তাদের প্রতিভার বিকাশ ঘটবে এবং তারা ভবিষ্যতে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-১১-এর সংসদ সদস্য এবং কেরানীগঞ্জ দক্ষিণ শাখা বিএনপির নেত্রী অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

পরে স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। গয়েশ্বর চন্দ্র রায় ও নিপুন রায় চৌধুরী আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের হাতে তুলে দেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন