- ০৪ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য দুই হাত তুলে দোয়া করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে জাতির স্বার্থে আরও উদার হওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘এসআরবি বিল ২০২৬’ নিয়ে আলোচনার সময় এ ঘটনা ঘটে। বিলটির রিপোর্ট উপস্থাপনের সময় বাড়ানোর বিষয়ে আলোচনার একপর্যায়ে শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর ইতিবাচক অবস্থানের প্রশংসা করেন।
বক্তব্যের শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রশংসা করেন জামায়াত আমির। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে তিনি বলেন, বিলটির রিপোর্ট দেওয়ার সময় বাড়ানোর ক্ষেত্রে মন্ত্রী দুই দিন থেকে চার-পাঁচ দিন পর্যন্ত সময় দেওয়ার বিষয়ে ইতিবাচক ভূমিকা রেখেছেন।
এরপর দুই হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে শফিকুর রহমান বলেন, আল্লাহ যেন স্বরাষ্ট্রমন্ত্রীর মন আরও বড় করে দেন এবং জাতির স্বার্থে তাকে উদার হওয়ার তাওফিক দেন।
এ সময় নিজ আসনে বসা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ‘আমিন’ বলতে এবং পরে মুখে হাত বুলাতে দেখা যায়।
তবে শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা নয়, র্যাব বিলুপ্তির পর নতুন কোনো বিশেষায়িত বাহিনী বা ব্যুরো গঠনের উদ্যোগ নেওয়া হলে সে বিষয়ে বিরোধী দলের অবস্থানও তুলে ধরেন জামায়াত আমির।
তিনি বলেন, দেশের স্বার্থে কোনো বিশেষায়িত বাহিনী গঠনের প্রয়োজন হলে বিরোধী দল এতে বাধা দেবে না। তবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়ে বিরোধী দল ও জনগণকে যথাযথভাবে আশ্বস্ত করতে হবে।
শফিকুর রহমান বলেন, অতীতে র্যাবের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ ও ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভয় তৈরি হয়েছে। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনাসহ বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কারণে নতুন কোনো বিশেষায়িত বাহিনী গঠনের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
বিরোধীদলীয় নেতা বিলটি আরও পর্যালোচনা ও বাস্তবতার আলোকে বিবেচনার জন্য সময় দেওয়ার আহ্বান জানান। তার মতে, বিষয়টি আরও ভালোভাবে পর্যালোচনা করে পরবর্তী সময়ে সংসদে উপস্থাপন করা হলে বিরোধী দলও বিষয়টি নিয়ে ইতিবাচকভাবে এগোতে পারবে।
তিনি বলেন, অতীতের নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিজ্ঞতার কারণে দেশের অনেক মানুষ এখনো মানসিকভাবে সেই সময়ের আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো নতুন বিশেষায়িত সংস্থা গঠনের ক্ষেত্রে জনগণের আস্থা অর্জনকে গুরুত্ব দিতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়েও স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া করেন শফিকুর রহমান। তিনি বলেন, জাতির স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীর হৃদয় যেন আরও বড় হয় এবং তিনি যেন বিষয়গুলো উদারভাবে বিবেচনা করেন।
বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হাসিমুখে প্রতিক্রিয়া জানান। তিনি বিরোধীদলীয় নেতার আবেগ ও অনুভূতিকে ধারণ করার কথা বলেন।