Friday, September 4, 2026

ইসলামী ব্যাংকের এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ


ছবিঃ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা এক আবেদনের শুনানি শেষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের আদেশের লিখিত অনুলিপি এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী শিশির মনির।

আবেদনে বলা হয়, প্রচলিত আইন অনুযায়ী একই পরিবার বা গোষ্ঠীর নিয়ন্ত্রণে কোনো ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার থাকার সুযোগ নেই। তবে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে ব্যাংকটির মোট ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ধারণ করছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

এ অবস্থায় এসব প্রতিষ্ঠানের নামে থাকা শেয়ার হস্তান্তর বা লেনদেনের সুযোগ বন্ধ করতে তা ফ্রিজ করার নির্দেশনা চাওয়া হয়। শুনানি শেষে আদালত আবেদনটি বিবেচনায় নিয়ে শেয়ারগুলো ফ্রিজের নির্দেশ দেন।

এর আগে ইসলামী ব্যাংকের এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, পরিচালক ও কয়েকজন ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই আদেশে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার ও পরিচালকদের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ইসলামী ব্যাংকে শেয়ার মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। সর্বশেষ হাইকোর্টের এই আদেশের ফলে এস আলম-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে থাকা বিপুল পরিমাণ শেয়ার নিয়ে নতুন করে আইনি পদক্ষেপের বিষয়টি সামনে এলো।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন