Saturday, September 5, 2026

জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: শফিকুর রহমান


ছবিঃ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং দাবি আদায় করেই ঘরে ফিরবেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা–চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে এই রাজপথে অনেক মানুষ রক্ত দিয়েছেন। তাদের প্রত্যাশা ও দাবি এখনো পূরণ হয়নি। সেই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যেই তারা আবার রাজপথে নেমেছেন।

তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, মানুষের ঘরে গ্যাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে তাদের এই কর্মসূচি। জনগণের এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

জামায়াত আমির প্রশ্ন রেখে বলেন, দেশের মানুষ ২৪ ঘণ্টা বিদ্যুৎ ও গ্যাস পাচ্ছে কি না এবং চাঁদাবাজি বন্ধ হয়েছে কি না এসব বিষয় সরকারকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. আবদুল্লাহ মুহাম্মদ তাহের ১১ দলীয় জোটের ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে গণভোটে দেওয়া জনগণের রায় কার্যকর করার দাবি জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জনগণের জন্য তেল, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে। মৌলিক এসব চাহিদা পূরণে ব্যর্থ হলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। গণভোটের রায় বাস্তবায়নের দাবিও জানান নাহিদ ইসলাম।

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দেওয়া রায় কার্যকর করতে হবে। জনগণের রায় বাস্তবায়নে গড়িমসি করা হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন তিনি।

খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিতে সামনে আরও কঠিন পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি রাখতে হবে। তার মতে, ঢাকা–চট্টগ্রাম লংমার্চের মধ্য দিয়ে চলমান আন্দোলনের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে।

শনিবার সকালে ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবিতে রাজধানী থেকে ঢাকা–চট্টগ্রাম লংমার্চ শুরু হয়। পথে নারায়ণগঞ্জের শিমরাইলসহ বিভিন্ন স্থানে পথসভা শেষে কর্মসূচিটি কুমিল্লায় পৌঁছায়। সেখানে পদুয়ার বাজার বিশ্বরোডে পথসভা শেষে লংমার্চ চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

কুমিল্লার পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ। সভা পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবর রহমান। এছাড়া দলটির সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল ও কাউন্সিলর মোশাররফ হোসাইনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন