Saturday, September 5, 2026

ঢাকা-চট্টগ্রাম লংমার্চে রাষ্ট্রের কোটি কোটি টাকা লোকসান হবে: রাশেদ খান


ছবিঃ রাশেদ খান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।

শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান দাবি করেন, জামায়াতের ডাকা লংমার্চে দলটির নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের তেমন আগ্রহ বা অংশগ্রহণ দেখা যাচ্ছে না। বিরোধী দলের নেতাদের মধ্যেও এ নিয়ে হতাশা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও দাবি করেন, কর্মসূচিকে ঘিরে বিপুল প্রচারণা ও দেশি-বিদেশি বিনিয়োগের পরও জামায়াত নেতৃত্বাধীন জোট সাধারণ মানুষকে আকৃষ্ট করতে পারেনি। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বর্তমানে জোটটি নয় দলীয় কাঠামোতে রয়েছে, কারণ এর দুটি দল জোট থেকে বেরিয়ে গেছে।

দেশের বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস পরিস্থিতি নিয়ে বিরোধী দলের বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান বলেন, এসব বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে সাধারণ মানুষ যথেষ্ট অবগত। তার ভাষ্য, মাত্র ছয় মাসের সরকারের ওপর দীর্ঘ ১৮-২০ বছরের সমস্যা, সংকট ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা করা যুক্তিসংগত নয়।

রাশেদ খান দাবি করেন, সরকার স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে বিরোধী দলের ছয় দফা দাবির প্রতি জনগণের তেমন আগ্রহ নেই বলেও মন্তব্য করেন তিনি।

লংমার্চের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে দাবি করে তিনি বলেন, রাস্তা বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। একই সঙ্গে কর্মসূচিতে বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহারের কারণে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। তার দাবি, কর্মসূচিতে প্রায় এক লাখ লিটার তেল অপচয় হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ উল্লেখ করে রাশেদ খান বলেন, প্রতিদিন এ মহাসড়ক দিয়ে বিপুলসংখ্যক যাত্রীবাহী ও পণ্যবাহী যান চলাচল করে। লংমার্চের কারণে এসব যানবাহনের চলাচল ব্যাহত হওয়ায় অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি জনদুর্ভোগও তৈরি হচ্ছে।

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, দলীয় স্বার্থে এবং মিথ্যাচার ও প্রতারণাকে ভিত্তি করে জামায়াত সাধারণ মানুষের ওপর লংমার্চের মতো একটি কর্মসূচি চাপিয়ে দিয়েছে। এর ফলে রাষ্ট্রের কোটি কোটি টাকার লোকসান হবে বলেও তিনি মন্তব্য করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন