Saturday, February 7, 2026

রাজশাহীতে ভূমি বিরোধ শুনানিতে বিশৃঙ্খলা, নারীসহ গ্রেফতার ৩


ছবিঃ এজলাসে ‘মব’ সৃষ্টি করার অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহীর 

রাজশাহীর তানোরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের এজলাসে ভূমি সংক্রান্ত বিরোধের শুনানিকালে বিশৃঙ্খলা সৃষ্টি ও আদালতের কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে তানোর উপজেলা ভূমি কার্যালয়ে একটি বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের শুনানি চলাকালে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সময় কয়েকজন ব্যক্তি এজলাসের ভেতরে উত্তেজনা সৃষ্টি করে এবং শুনানি বন্ধের চেষ্টা চালায়। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে সাময়িকভাবে শুনানি স্থগিত করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— কলমা ইউনিয়নের ওয়াহাব আলীর স্ত্রী জমিলা খাতুন (৩৫), বাঁধাইড় ইউনিয়নের হরিশপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে হাফিজুল রহমান (৪৫) এবং আব্দুল আউয়াল।

উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার আব্দুল মালেক জানান, শুনানি চলাকালে অভিযুক্তরা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাকের প্রতি মারমুখী আচরণ করেন এবং সরকারি কাজে বাধা দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত তিনজনকে আটক করে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান বলেন, সরকারি দপ্তরে এ ধরনের বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাশত করা হবে না। সার্ভেয়ার আব্দুল মালেক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, আইনের বাইরে গিয়ে সহিংস আচরণ করে দাবি আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আদালতের শৃঙ্খলা ও সরকারি কাজের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন