Thursday, September 10, 2026

সাংবাদিককে ইউনিয়ন পদে বাধা দেওয়ায় ডাও জোন্স দোষী, চাকরিচ্যুতির অভিযোগে খালাস


ছবিঃ ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে হংকংয়ের ইস্টার্ন ল কোর্টের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলছেন ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক প্রতিবেদক সেলিনা চেং (মাঝখানে) (সংগৃহীত । আল জাজিরা /পিটার পার্কস/এএফপি)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

হংকংয়ে সাংবাদিকের ট্রেড ইউনিয়নের নেতৃত্বে অংশ নেওয়ার অধিকার বাধাগ্রস্ত করার অভিযোগে ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রকাশক ডাও জোন্সকে দোষী সাব্যস্ত করেছেন একটি আদালত। তবে একই সাংবাদিককে ইউনিয়নের নেতৃত্বে থাকার কারণে চাকরিচ্যুত করার অভিযোগ থেকে প্রতিষ্ঠানটিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দেওয়া রায়ে আদালত বলেন, সাংবাদিক সেলিনা চেংকে ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হতে নিরুৎসাহিত করতে ডাও জোন্স যে পদক্ষেপ নিয়েছিল, তা তার শ্রম অধিকারকে অযৌক্তিকভাবে বাধাগ্রস্ত করেছে। তবে চেংয়ের চাকরি শেষ করার পেছনে প্রতিষ্ঠানের সাংগঠনিক পুনর্গঠন ও পদ বিলুপ্তির যুক্তিকে আদালত গ্রহণ করেছেন।

চেং ২০২৪ সালের জুলাইয়ে ওয়াল স্ট্রিট জার্নাল থেকে চাকরিচ্যুত হন। একই সময়ে তিনি হংকং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এইচকেজেএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার অভিযোগ ছিল, ইউনিয়নের নেতৃত্বে থাকার কারণেই তাকে বেআইনিভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিয়নের পদে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখারও চেষ্টা করা হয়েছিল বলে তিনি দাবি করেন।

হংকংয়ের শ্রম আইনে ট্রেড ইউনিয়নের কার্যক্রমে অংশ নেওয়ার অধিকার সুরক্ষিত। কোনো প্রতিষ্ঠান কর্মীকে ইউনিয়নের পদে দাঁড়ানো থেকে বাধা দেওয়া বা নিরুৎসাহিত করার অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ এক লাখ হংকং ডলার জরিমানার বিধান রয়েছে।

রায়ের পর আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেলিনা চেং। তিনি বলেন, সাংবাদিকদের কর্মক্ষেত্রের অধিকার যথেষ্ট সুরক্ষিত না থাকলে এবং সেই অধিকার লঙ্ঘিত হওয়ার পরও আইনি প্রতিকার না মিললে নিরাপদ পরিবেশে সাংবাদিকতা করা কঠিন হয়ে পড়বে।

আদালত জানিয়েছে, ইউনিয়নের কোনো দায়িত্ব নেওয়ার আগে চেংকে প্রতিষ্ঠানের কাছ থেকে অনুমতি নেওয়ার যে শর্ত দেওয়া হয়েছিল, সেটি তার আইনগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে ‘অযৌক্তিক প্রতিবন্ধকতা’ তৈরি করেছিল।

তবে আদালতের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয় ডাও জোন্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করছে এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, তা পর্যালোচনা করছে।

এক বিবৃতিতে ডাও জোন্সের এক মুখপাত্র বলেন, হংকংয়ে ওয়াল স্ট্রিট জার্নাল-এর দীর্ঘদিনের কার্যক্রম রয়েছে এবং প্রতিষ্ঠানটি সবসময় স্থানীয় শ্রম আইন ও কর্মীদের অধিকারকে সম্মান করে এসেছে। একই সঙ্গে হংকং ও অঞ্চলটি নিয়ে নিরপেক্ষ ও মানসম্মত সাংবাদিকতা প্রকাশের প্রতিশ্রুতিও তাদের রয়েছে বলে জানানো হয়।

চেংয়ের বিরুদ্ধে চাকরিচ্যুতির বিষয়টি নিয়ে আদালতের চূড়ান্ত সাজা বা জরিমানার পরিমাণ এখনো ঘোষণা করা হয়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে রায় দেওয়ার কথা রয়েছে।

চাকরিচ্যুতির ঘটনায় চেং গত বছর ব্যক্তিগতভাবে মামলা করেন। এর আগে তিনি হংকংয়ের শ্রম বিভাগের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তবে সেই অভিযোগের ভিত্তিতে কোনো ফৌজদারি মামলা করা হয়নি।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এইচকেজেএ হংকংয়ের সবচেয়ে পুরোনো সাংবাদিক সংগঠনগুলোর একটি। সংগঠনটি দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করে আসছে এবং বর্তমানে শহরে টিকে থাকা সীমিতসংখ্যক গণমাধ্যম অধিকারভিত্তিক সংগঠনের একটি।

একসময় স্বাধীন সংবাদমাধ্যমের জন্য পরিচিত হংকংয়ে সাম্প্রতিক বছরগুলোতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ বেড়েছে। ২০১৯ সালের সরকারবিরোধী বিক্ষোভের পর ২০২০ সালে চীন হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন কার্যকর করে। এরপর বেশ কয়েকটি সংবাদমাধ্যম ও সাংবাদিক সংগঠন বন্ধ হয়ে গেছে বা তাদের কার্যক্রম সীমিত করেছে। আন্তর্জাতিক বিভিন্ন সূচক ও এইচকেজেএর জরিপেও শহরটির গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগের চিত্র উঠে এসেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন