- ১০ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নেত্রকোনা
নেত্রকোনার মোহনগঞ্জে বাড়ির পাশের খালে মুখ ধুতে গিয়ে পানিতে ডুবে মো. আলী (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার পর স্থানীয় জেলেদের জালে তার মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পানুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলী ওই গ্রামের আশিকুলের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, আলীর বাবা-মা দুজনই জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকেন। এ কারণে আলী তার দাদা আবু তাহেরের সঙ্গে গ্রামের বাড়িতে থাকত। বুধবার বিকালে বাড়ির কাছের সাপমরা খালে মুখ ধুতে যায় সে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তার খোঁজ না পেয়ে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
এরপর খালে মাছ ধরতে যান স্থানীয় কয়েকজন জেলে। একপর্যায়ে তাদের জালে আলীর মরদেহ উঠে আসে। পরে বিষয়টি পরিবার ও স্থানীয়দের জানানো হয়।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর মিয়া জানান, আলীর মৃগীরোগ ছিল। খালে নামার পর ওই রোগের কারণে তার খিঁচুনি হয়ে থাকতে পারে। এতে পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, আলী মৃগীরোগে আক্রান্ত ছিল। মুখ ধোয়ার সময় খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।