- ১০ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ভোলা
ভোলার সদর উপজেলায় মেঘনা নদীর তীরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় হঠাৎ নদীপাড় ধসে পাঁচজন পানিতে পড়ে যান। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও স্রোতের টানে নদীতে নিখোঁজ হয়েছেন দুজন। নিখোঁজদের উদ্ধারে নৌপুলিশ ও কোস্টগার্ড অভিযান চালালেও এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকার মেঘনার তীরে এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জায়গাটি ‘গরিবের দুবাই’ নামে পরিচিত।
নিখোঁজ দুজন হলেন ভোলা পৌরসভার কালিবাড়ি রোড এলাকার ইব্রাহিমের ছেলে মো. আমজাদ (২৮) এবং শিবপুর ইউনিয়নের শান্তিরহাট বাজার এলাকার সর্দার বাড়ির বাবুলের ছেলে মো. রাকিব (২৬)। আমজাদ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে আমজাদ, রাকিব, ফাহিম, শাওনসহ পাঁচ বন্ধু মেঘনার তীরে বসে গল্প করছিলেন। রাতের দিকে হঠাৎ নদীর তীরের একটি অংশ ধসে পড়ে। ওই অংশে পানি উন্নয়ন বোর্ডের নদীভাঙন রোধে ফেলা জিওব্যাগও ছিল।
তীরের মাটি ও জিওব্যাগসহ অংশটি নদীতে ধসে পড়ার সঙ্গে সঙ্গে পাঁচ বন্ধুও খরস্রোতা মেঘনায় পড়ে যান। পরে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে আমজাদ ও রাকিব স্রোতের মধ্যে পড়ে নিখোঁজ হন।
তীরে ওঠা তিন বন্ধু চিৎকার করে বিষয়টি জানালে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়রাও নদীতে নেমে ও তীরবর্তী এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় চেষ্টা করেও নিখোঁজ দুজনের সন্ধান না পাওয়ায় পরে নৌপুলিশ ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। কিছু সময় ধরে তল্লাশি চালানো হলেও নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ভোলার ইলিশা নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, আমজাদ ও রাকিবের সন্ধানে নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা নদীতে অভিযান চালিয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি।
ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিখোঁজ দুই যুবকের সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।