- ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। বরিশাল
বরিশালের মুলাদী পৌর এলাকায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম জৈতিমনি (১৫)। তিনি মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত প্রায় ১০টার দিকে পৌরসদরের বেইলিব্রিজ (নগর) এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জৈতিমনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নৈয়ারবাড়ী গ্রামের মৃত রিপন রায়ের মেয়ে। তার মা ঝুমা সরকার একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে কিছুটা দেরিতে বাড়ি ফেরে জৈতিমনি। রাতের দিকে পড়াশোনায় মনোযোগ না দিয়ে মোবাইল ফোন ব্যবহার করছিল সে। সামনে এসএসসি পরীক্ষা থাকায় মা তাকে মোবাইল রেখে পড়তে বসতে বলেন। এতে অভিমান করে নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয় জৈতিমনি। পরে খাবারের জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা। তখনই তিনি চিৎকার শুরু করেন।
খবর পেয়ে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই মরদেহ উদ্ধার করে। নিহতের মা জানান, বাবার মৃত্যুর পর থেকেই জৈতিমনি মানসিকভাবে ভেঙে পড়েছিল। সে প্রায়ই বাবাকে খুব মনে পড়ার কথা বলত এবং তার কাছে চলে যাওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করত।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের সঙ্গে অভিমান থেকেই ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।