Friday, May 22, 2026

পল্লবীর শিশুহত্যা নিয়ে ক্ষোভ, দ্রুত বিচার ও সামাজিক প্রতিরোধের দাবি গণতান্ত্রিক অধিকার কমিটির


প্রতীকী ছবিঃ গণতান্ত্রিক অধিকার কমিটি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। সংগঠনটি বলেছে, নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় দেশে এ ধরনের অপরাধ আশঙ্কাজনকভাবে বাড়ছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত সংগঠনটির এক সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিভিন্ন সিদ্ধান্ত ও বক্তব্য তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। গত চার মাসে দেশের বিভিন্ন এলাকায় ১১৮ জন কন্যাশিশু ধর্ষণ এবং ১৭ জন হত্যার শিকার হওয়ার তথ্য তুলে ধরে তারা বলেন, এটি সমাজে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, নৈতিক অবক্ষয় ও সংবেদনহীনতার প্রতিফলন।

সভায় আরও বলা হয়, অপরাধীদের বিচার প্রক্রিয়া দীর্ঘ হওয়া এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থতার কারণে এ ধরনের ঘটনা বাড়ছে। পাশাপাশি সরকারের কার্যকর উদ্যোগের অভাব নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।

মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বন্ধে ধর্মীয় নেতাদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয় সভা থেকে। একই সঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।

সভায় শিশুদের মধ্যে হামের প্রকোপ বৃদ্ধি ও মৃত্যুর ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রমকে অপর্যাপ্ত উল্লেখ করে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান কমিটির সদস্যরা।

এ ছাড়া রাজধানীর শাহ আলী মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকারের কার্যকর ভূমিকা কামনা করা হয়।

সভায় বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির সম্ভাব্য উদ্যোগ বন্ধ, দীর্ঘদিন ধরে আটক বম সম্প্রদায়ের সদস্যদের মুক্তি এবং আরাকান আর্মির হাতে আটক জেলেদের ফিরিয়ে আনার দাবিও উত্থাপন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আনু মুহাম্মদ। উপস্থিত ছিলেন হারুন উর রশীদ, মোশাহিদা সুলতানা, আকরাম খান, জয়দীপ ভট্টাচার্য, শহীদুল ইসলাম, মাহতাব উদ্দীন আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন