Saturday, April 25, 2026

পাবনায় সংঘর্ষের ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান


ছবিঃ ঈশ্বরদী থানা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। পাবনা

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ছাত্রদলের পক্ষ থেকে এ মামলা করা হয়।

মামলার বাদী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব। মামলায় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হোসেন, কলেজ শাখার সভাপতি মাহমুদ হাসান ও সেক্রেটারি আসাদুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, মামলার পর অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ এলাকায় পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

ছাত্রদলের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পূর্বপরিকল্পিতভাবে ছাত্রশিবিরের কর্মীরা বহিরাগতদের নিয়ে হামলা চালায়। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন এবং একটি দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়।

অন্যদিকে, ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের অনুমতিপ্রাপ্ত কর্মসূচিতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলার মুখে পড়েন তারা। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সংঘর্ষের সূত্রপাত হয়।

এ বিষয়ে ছাত্রশিবির নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নতুন করে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন