Saturday, April 25, 2026

কর্ণফুলী নদীতে কোস্টগার্ডের অভিযানে ফার্নেস অয়েল জব্দ, আটক ৮


ছবিঃ তেল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

চট্টগ্রামের কর্ণফুলী নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফার্নেস অয়েল জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় একটি অয়েল ট্যাঙ্কারসহ আটজনকে আটক করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত ব্রিজঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে ‘ওটি কিংফিশার-৫’ নামের একটি অয়েল ট্যাঙ্কার থেকে অবৈধভাবে ফার্নেস অয়েল স্থানান্তরের সময় তাদের আটক করা হয়।

অভিযানে মোট ১ হাজার ৬৫০ লিটার ফার্নেস অয়েল জব্দ করা হয়। জব্দকৃত তেলগুলো প্লাস্টিকের পাত্রে ভরে একটি সাম্পান নৌকায় তোলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ট্যাঙ্কারটিও জব্দ করা হয়েছে।

আটকদের মধ্যে জাহাজটির ব্যবস্থাপক জসিম উদ্দিন রয়েছেন। বাকিরা ট্যাঙ্কারে কর্মরত শ্রমিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে আরও তেলের মজুতের প্রমাণ পাওয়া গেছে বলে জানায় কোস্টগার্ড। তারা ধারণা করছে, অবৈধভাবে মজুত ও সরবরাহের উদ্দেশ্যে এসব তেল স্থানান্তর করা হচ্ছিল।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত তেলসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন