Monday, May 11, 2026

নেইমারের গোলে জয়খরা কাটাল সান্তোস


ছবিঃ ব্রাজিলিয়ান লিগ সিরি ‘এ’র ম্যাচে ব্রাগান্তিনোর বিপক্ষে গোল করেছেন নেইমার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

টানা তিন ম্যাচে জয়হীন থাকার হতাশা কাটিয়ে অবশেষে জয়ের পথে ফিরেছে সান্তোস এফসি। ব্রাজিলিয়ান সিরি ‘এ’ লিগে ব্রাগান্তিনো-কে ২-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে দলটি। ম্যাচের অন্যতম আকর্ষণ ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার, যিনি গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সান্তোস। তবে প্রথমার্ধের নির্ধারিত সময়ে গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। শেষ পর্যন্ত যোগ করা সময়ে সতীর্থ গ্যাব্রিয়েল বোন্টেম্পো-র পাস থেকে নিখুঁত শটে বল জালে পাঠান নেইমার। তাঁর সেই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সান্তোস।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে স্বাগতিক দল। ম্যাচের ৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাডোনিস ফ্রাইয়াস। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাগান্তিনো। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সান্তোস।

এই ম্যাচে প্রায় ৮২ মিনিট মাঠে ছিলেন নেইমার। গোল করার পাশাপাশি ড্রিবলিং ও আক্রমণভাগে তাঁর সক্রিয় উপস্থিতি দর্শকদের বাড়তি উচ্ছ্বাস এনে দেয়। এর আগে কোপা সুদামেরিকানার ম্যাচেও গোল করেছিলেন এই তারকা ফরোয়ার্ড।

এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় কিছুটা উন্নতি হয়েছে সান্তোসের। ১৫ ম্যাচ শেষে দলটির সংগ্রহ এখন ১৮ পয়েন্ট, অবস্থান ১৫ নম্বরে। অন্যদিকে সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ব্রাগান্তিনো।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন