Thursday, July 9, 2026

মোবাইল ও ওয়েবে এলো অ্যানথ্রপিকের ‘ক্লড কো-ওয়ার্ক’


প্রতীকী ছবিঃ ক্লড কো-ওয়ার্ক (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

অফিসের দৈনন্দিন কাজ আরও সহজ করতে নিজেদের এআই সহকারী ক্লড কো-ওয়ার্ক–কে এবার ওয়েব ও মোবাইল প্ল্যাটফর্মে নিয়ে এসেছে অ্যানথ্রপিক। এতদিন শুধুমাত্র ডেস্কটপ অ্যাপ হিসেবে থাকা এই সেবাটি এখন থেকে ম্যাক্স (Max) সাবস্ক্রাইবাররা স্মার্টফোন ও ওয়েব ব্রাউজার থেকেও ব্যবহার করতে পারবেন।

নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা কম্পিউটারে কোনো কাজ শুরু করে পরে মোবাইল থেকে তার অগ্রগতি দেখতে পারবেন। এমনকি কম্পিউটার বন্ধ থাকলেও এআই নির্ধারিত কাজ সম্পন্ন করে যাবে এবং প্রয়োজন হলে ব্যবহারকারীর অনুমোদনের জন্য নোটিফিকেশন পাঠাবে।

অ্যানথ্রপিকের লক্ষ্য, ক্লড কো-ওয়ার্ক-কে শুধু কোড লেখার সহকারী হিসেবে নয়, বরং একজন ভার্চুয়াল সহকর্মী হিসেবে গড়ে তোলা, যে রিপোর্ট তৈরি, ইমেইল খসড়া, তথ্য বিশ্লেষণ, নথি প্রস্তুত বা প্রশাসনিক নানা কাজ পেছনে থেকেই সম্পন্ন করতে পারবে।

বিশ্লেষকদের মতে, এআই কোম্পানিগুলোর প্রতিযোগিতা এখন আর শুধু চ্যাটবটের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং কর্মক্ষেত্রের বাস্তব কাজের সঙ্গে এআইকে আরও গভীরভাবে যুক্ত করার দিকেই ঝুঁকছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। একই ধরনের কৌশল অনুসরণ করছে ওপেনএআইও, যেখানে তাদের Codex ধীরে ধীরে সফটওয়্যার উন্নয়নের বাইরে রিপোর্ট, উপস্থাপনা, গবেষণা ও ডেটা বিশ্লেষণের মতো কাজেও ব্যবহৃত হচ্ছে।

অ্যানথ্রপিক জানিয়েছে, ক্লড কো-ওয়ার্ক এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি ব্যবহারকারীর হয়ে দীর্ঘ সময় ধরে ব্যাকগ্রাউন্ডে কাজ চালিয়ে যেতে পারে। উদাহরণ হিসেবে প্রতিষ্ঠানটি বলেছে, কোনো ক্লায়েন্ট মিটিংয়ের প্রস্তুতির জন্য ইমেইল, মিটিং ট্রান্সক্রিপ্ট ও সাম্প্রতিক সংবাদ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ব্রিফিং ডকুমেন্ট তৈরি এবং ফলো-আপ ইমেইলের খসড়া প্রস্তুত করতে সক্ষম হবে এই এআই সহকারী।

ডেস্কটপ সংস্করণে স্থানীয় ফাইল ও ব্রাউজারের সঙ্গে কাজ করার সুবিধা থাকলেও ওয়েব ও মোবাইল সংস্করণ যুক্ত হওয়ায় এখন আরও বেশি ব্যবহারকারী সহজে ক্লড কো-ওয়ার্ক ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে চ্যাট, প্রকল্প ও বিভিন্ন ডকুমেন্ট সব প্ল্যাটফর্মে সমন্বিতভাবে সংরক্ষিত থাকবে।

এদিকে ক্লড কো-ওয়ার্ক ব্যবহারের ওপর পরিচালিত অ্যানথ্রপিকের সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, সফটওয়্যার ডেভেলপমেন্টের তুলনায় ব্যবসায়িক ও প্রশাসনিক কাজেই এই এআই সহকারীর ব্যবহার বেশি হচ্ছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ৬ লাখের বেশি প্রতিষ্ঠানের প্রায় ১২ লাখ ব্যবহারের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মোট ব্যবহারের ৩৩ দশমিক ৪ শতাংশ ছিল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা–সংক্রান্ত কাজ, যেমন বিভিন্ন উৎসের তথ্য একত্র করে রিপোর্ট তৈরি, অনবোর্ডিং চেকলিস্ট প্রস্তুত এবং স্প্রেডশিট সমন্বয় করা।

অন্যদিকে কনটেন্ট তৈরি, প্রেজেন্টেশন, প্রস্তাবনা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট লেখার মতো কাজের অংশ ছিল ১৬ দশমিক ৪ শতাংশ। বিপরীতে সফটওয়্যার ডেভেলপমেন্টে ক্লড কো-ওয়ার্ক-এর ব্যবহার ছিল মাত্র ৮ দশমিক ৭ শতাংশ।

অ্যানথ্রপিকের ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু প্রোগ্রামিং নয়, বরং প্রতিদিনের অফিস পরিচালনা, প্রশাসনিক দায়িত্ব এবং ব্যবসায়িক উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ক্লড কো-ওয়ার্ক-কে আরও বিস্তৃত কর্মক্ষেত্রের উপযোগী করে তোলাই তাদের পরবর্তী লক্ষ্য।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন