Thursday, July 9, 2026

যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন বাড়াতে ৩০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে অ্যাপল


ছবিঃ অ্যাপল স্টোর (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

নিজস্ব চিপ সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রভিত্তিক উৎপাদন বাড়ানোর পথে হাঁটছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটি চিপ নির্মাতা ব্রডকমের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ৩০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে যাচ্ছে।

বুধবার (৮ জুলাই) অ্যাপল ও ব্রডকম যৌথভাবে এ তথ্য জানিয়েছে। এর আগে সোমবার ব্রডকম জানায়, ২০৩১ সাল পর্যন্ত চলবে এমন একটি দীর্ঘমেয়াদি চিপ সরবরাহ চুক্তি হয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির সঙ্গে।

চুক্তির অংশ হিসেবে ব্রডকম যুক্তরাষ্ট্রের কলোরাডোর ফোর্ট কলিন্সে অবস্থিত একটি কারখানা সম্প্রসারণে প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই কারখানায় তৈরি হবে অ্যাপল ডিভাইসের জন্য গুরুত্বপূর্ণ রেডিও ফ্রিকোয়েন্সি চিপ, যার মধ্যে রয়েছে এফবিএআর (FBAR) ফিল্টার।

অ্যাপল জানিয়েছে, এসব চিপ আইফোন ও অন্যান্য ডিভাইসের ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্রডকমের সঙ্গে এই প্রযুক্তি উন্নয়নে অ্যাপল অন্তত ২০২৩ সাল থেকে কাজ করে আসছে।

চুক্তির আওতায় কমপক্ষে ১৫ বিলিয়ন চিপ উৎপাদনের লক্ষ্য রয়েছে। অ্যাপলের দাবি, এই উদ্যোগ যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর উৎপাদন বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ।

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেন, ফোর্ট কলিন্সে তৈরি হওয়া আধুনিক প্রযুক্তির উপাদানগুলো গ্রাহকদের প্রত্যাশিত উন্নত পারফরম্যান্স ও সংযোগ সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক সরবরাহকারীদের সঙ্গে বিনিয়োগ আরও বাড়াতে অ্যাপল প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় চিপ উৎপাদন বাড়ানোর উদ্যোগে দেশটির সরকারের নীতিগত সহায়তার কথাও উল্লেখ করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ধরনের প্রকল্প দেশীয় প্রযুক্তি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর সরবরাহ সংকট ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের চিপ সরবরাহ চেইন আরও নিরাপদ করতে চাইছে। অ্যাপলের নতুন বিনিয়োগ সেই কৌশলেরই অংশ হিসেবে দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন