- ০৮ জুলাই, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দেশের বিমান পরিবহন খাতে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্যহার মঙ্গলবার (৭ জুলাই) রাত ১২টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।
মঙ্গলবার বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ রুটে পরিচালিত ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতি লিটারে মূল্য কমেছে ১৯ টাকা ২২ পয়সা।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও মূল্য সমন্বয় করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। নতুন দরে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য নির্ধারণ করা হয়েছে শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার, যা আগে ছিল শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার।
এর আগে গত ৭ জুনও জেট ফুয়েলের দাম কমানো হয়েছিল। সে সময় অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের মূল্য ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সায় নামিয়ে আনা হয়। একই সময়ে আন্তর্জাতিক রুটে প্রতি লিটারের মূল্য ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছিল।
বিইআরসি জানিয়েছে, নতুন মূল্যহার দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর এবং ভবিষ্যতে চালু হওয়া অন্যান্য বিমানবন্দর।
খাতসংশ্লিষ্টদের মতে, জেট ফুয়েলের দাম কমায় বিমান পরিচালনাকারী সংস্থাগুলোর পরিচালন ব্যয় কিছুটা কমতে পারে। এর ইতিবাচক প্রভাব ভবিষ্যতে ভাড়া নির্ধারণ ও বিমান পরিবহন খাতের সামগ্রিক কার্যক্রমেও প্রতিফলিত হওয়ার সম্ভাবনা রয়েছে।