Thursday, July 9, 2026

দেশে দুধ উৎপাদনের সক্ষমতা বাড়ছে, তবে কাটেনি ঘাটতি


ফাইল ছবিঃ সংসদে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশে তরল দুধ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও বার্ষিক চাহিদার তুলনায় এখনো সামান্য ঘাটতি রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সঙ্গে তিনি জানান, সারা দেশে নিবন্ধিত জেলের সংখ্যা বর্তমানে ১৮ লাখ ৩ হাজার ৫৬৫ জন এবং তাদের তথ্য হালনাগাদের কাজ চলমান রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রী।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে বছরে প্রায় ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন তরল দুধ উৎপাদনের সক্ষমতা রয়েছে। অন্যদিকে দেশের মোট বার্ষিক চাহিদা প্রায় ১ কোটি ৬২ লাখ ৩৩ হাজার টন। ফলে উৎপাদন ও চাহিদার ব্যবধান আগের তুলনায় কমে এলেও পূর্ণ স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এখনও কাজ চলছে।

অপর এক প্রশ্নের জবাবে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবকে মন্ত্রী জানান, প্রকৃত জেলেদের তথ্য নিশ্চিত করতে দেশব্যাপী নিবন্ধিত জেলেদের তালিকা যাচাই ও হালনাগাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সরকারি সহায়তা ও বিভিন্ন সুবিধা প্রকৃত জেলেদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, দেশের বিলুপ্ত ও পরিত্যক্ত হাওর, বাঁওড় এবং অন্যান্য জলাশয় পুনঃসংস্কার করে মাছ চাষের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে মৎস্য অধিদপ্তর ‘নির্বাচিত বাঁওড় এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’ বাস্তবায়নের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করেছে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট মানুষের কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন