Friday, February 6, 2026

মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশার অক্সিডেন্টে মাদ্রাসা শিক্ষার্থীসহ নিহত ২


ছবিঃ মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বড়তাকিয়া বাজার এলাকায় জাহেদিয়া মাদ্রাসার সামনে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।

নিহতদের একজন খাদিজা মাশমুম। তিনি বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিলেন। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার জানান, চট্টগ্রামমুখী যাত্রাপথে বড়তাকিয়া এলাকায় যানজট দেখতে পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেওয়া হয়। দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহতদের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন