Wednesday, February 4, 2026

মডেল এস ও এক্স উৎপাদন বন্ধ করছে টেসলা


ছবিঃ ২০১৮ সালের ১৮ জুলাই ক্যালিফোর্নিয়ার ফ্রিমন্টে অবস্থিত টেসলার কারখানায় মডেল এস ও মডেল এক্সের সঙ্গে একটি টেসলা মডেল এক্স উৎপাদন লাইনে কাজ করা হচ্ছে। (সংগৃহীত । লিয়া সুজুকি / সান ফ্রান্সিসকো ক্রনিকল / হার্স্ট / গেটি ইমেজেস)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশ্বখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা তাদের দুটি জনপ্রিয় ও প্রিমিয়াম মডেল—মডেল এস ও মডেল এক্স—এর উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক বুধবার আয়সংক্রান্ত এক কলে এই ঘোষণা দেন। তিনি জানান, এসব গাড়ি তৈরির জন্য ব্যবহৃত কারখানার জায়গা ভবিষ্যতে মানবাকৃতির রোবট তৈরিতে ব্যবহার করা হবে।

একসময় যেসব গাড়ি টেসলাকে বৈশ্বিক ইভি বাজারে নেতৃত্বের আসনে পৌঁছে দিয়েছিল, সেগুলোই এখন ইতিহাস হতে চলেছে। মাস্ক ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ি বিক্রি টেসলার মূল ব্যবসা নাও থাকতে পারে। বরং স্বচালিত যান ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিই হবে কোম্পানির প্রধান লক্ষ্য।

তিনি দাবি করেন, স্টিয়ারিং ও প্যাডেলবিহীন দুই আসনের স্বচালিত গাড়ি ‘সাইবারক্যাব’ একদিন টেসলার সব গাড়ির সম্মিলিত বিক্রির চেয়েও কয়েকগুণ বেশি বিক্রি হবে। তবে বাস্তবতা হলো, টেসলার রোবোট্যাক্সি সেবা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং গাড়িগুলোতে নিরাপত্তা পর্যবেক্ষক হিসেবে মানবকর্মী উপস্থিত থাকছেন।

এদিকে আর্থিক দিক থেকে টেসলা চাপের মুখে। ২০২৫ সালের শেষ প্রান্তিকে কোম্পানির সমন্বিত আয় কমেছে ১৬ শতাংশ। একই সময়ে নিট মুনাফা কমেছে ৬১ শতাংশ এবং পুরো বছরে মুনাফা হ্রাস পেয়েছে ৪৬ শতাংশ, যা প্রায় ৩.৩ বিলিয়ন ডলারের পতন। বিক্রির দিক থেকেও এটি টেসলার ইতিহাসে সবচেয়ে বড় বার্ষিক পতন।

বিশেষজ্ঞরা বলছেন, ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড ও বিতর্কিত অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপে টেসলার ব্র্যান্ড ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সরকারি কর ছাড় কমে যাওয়া এবং চীনা নির্মাতা বিওয়াইডির মতো প্রতিদ্বন্দ্বীর উত্থানও টেসলার বাজারে প্রভাব ফেলেছে। ২০২৫ সালে টেসলা বিশ্বের সবচেয়ে বড় ইভি নির্মাতার অবস্থানও হারিয়েছে।

মডেল এস ও মডেল এক্স মিলিয়ে টেসলার মোট বৈশ্বিক বিক্রির মাত্র ৩ শতাংশ হওয়ায়, এই দুটি মডেল বন্ধে সামগ্রিক বিক্রিতে বড় ধাক্কা আসবে না বলেই ধারণা করা হচ্ছে। আগামী প্রান্তিকের মধ্যেই এই মডেলগুলোর উৎপাদন বন্ধ হতে পারে।

এদিকে টেসলা প্রথমবারের মতো জানায়, ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই-তে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের চুক্তি হয়েছে। রোবট ও রোবোট্যাক্সির ভবিষ্যৎ সম্ভাবনার খবরেই সম্প্রতি টেসলার শেয়ারের দাম বাড়লেও, বিনিয়োগকারীরা এখনো কোম্পানির বাস্তব আয় ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন।

টেসলা জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে তারা আরও সাতটি বাজারে রোবোট্যাক্সি সেবা চালু করার পরিকল্পনা করছে। ইলন মাস্কের ভাষায়, নিয়ন্ত্রক অনুমোদন পাওয়া গেলে ২০২৬ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের বড় অংশেই পুরোপুরি স্বচালিত যান চলতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন