Wednesday, February 4, 2026

বিনিয়োগ প্রতিষ্ঠানকে অংশীদার করতে পারে অনলাইন প্ল্যাটফর্ম অনলিফ্যান্স


ছবিঃ অনলিফ্যান্স (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

অনলাইন সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্ট প্ল্যাটফর্ম অনলিফ্যান্স তাদের ব্যবসার একটি বড় অংশ বিক্রির বিষয়টি বিবেচনা করছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানা গেছে, বিনিয়োগ প্রতিষ্ঠান আর্কিটেক্ট ক্যাপিটালের কাছে কোম্পানিটির নিয়ন্ত্রণমূলক শেয়ার হস্তান্তরের বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। সম্ভাব্য এই চুক্তিতে অনলিফ্যান্সের বাজারমূল্য ধরা হচ্ছে প্রায় ৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।

সূত্রটি জানিয়েছে, প্রস্তাবিত মূল্যায়নের মধ্যে প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার ইকুইটি এবং বাকি ২ বিলিয়ন ডলার ঋণ হিসেবে অন্তর্ভুক্ত থাকার কথা। এই কাঠামোর আওতায় আর্কিটেক্ট ক্যাপিটাল কোম্পানিটির প্রায় ৬০ শতাংশ মালিকানা পেতে পারে। বর্তমানে দুই পক্ষের মধ্যে একচেটিয়া আলোচনা চলছে, ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলিফ্যান্স অন্য কোনো ক্রেতার সঙ্গে দরকষাকষি করতে পারবে না। তবে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাব্য সময়সূচি এখনও স্পষ্ট নয়।

এ বিষয়ে মন্তব্য জানতে বিনিয়োগ প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

অনলিফ্যান্স এর আগেও ব্যবসা বিক্রির আলোচনা করেছে বলে জানা যায়। গত বছর প্রতিষ্ঠানটির মালিক লিওনিড রাডভিনস্কি তার বিনিয়োগ থেকে সরে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। সে সময় যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিনিয়োগ গোষ্ঠীর সঙ্গে আলোচনা চললেও শেষ পর্যন্ত তা আর এগোয়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে অনলিফ্যান্সে অংশীদার হতে একাধিক পক্ষ আগ্রহ দেখিয়েছে।

২০২১ সালে যাত্রা শুরু করা আর্কিটেক্ট ক্যাপিটাল মূলত একটি সম্পদভিত্তিক ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রাথমিক পর্যায়ের বিভিন্ন প্রযুক্তি ও ডিজিটাল ব্যবসার সঙ্গে অংশীদারিত্ব গড়াই তাদের বিনিয়োগ কৌশলের মূল অংশ।

২০১৬ সালে যুক্তরাজ্যে যাত্রা শুরু করা অনলিফ্যান্স নিজেদেরকে প্রাপ্তবয়স্ক কনটেন্টভিত্তিক ওয়েবসাইট হিসেবে স্বীকার না করলেও, এর বড় অংশের নির্মাতা এমন কনটেন্ট তৈরি করেন। প্রতিষ্ঠাতা টিম স্টোকলি ২০১৮ সালে কোম্পানিটির মূল মালিকানা লিওনিড রাডভিনস্কির কাছে হস্তান্তর করেন।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি অনলিফ্যান্সকে বিভিন্ন সময় আইনি বিতর্কের মুখোমুখিও হতে হয়েছে। কিছু মামলায় প্ল্যাটফর্মটির বিরুদ্ধে অনৈতিক ও নির্যাতনমূলক কনটেন্ট থেকে লাভবান হওয়ার অভিযোগ আনা হয়েছে, যা কোম্পানিটির ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে।

বিশ্লেষকদের মতে, যদি এই চুক্তি সম্পন্ন হয়, তাহলে এটি ডিজিটাল কনটেন্ট অর্থনীতির ইতিহাসে অন্যতম বড় বিনিয়োগ চুক্তি হিসেবে বিবেচিত হতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন