Wednesday, February 4, 2026

নেপালকে হারিয়ে অপরাজিত ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত


ছবিঃ সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ (সংগৃহীত)

স্পোর্টস ডেস্ক । PNN

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দাপুটে পারফরম্যান্স অব্যাহত রেখে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিক নেপাল অনূর্ধ্ব-১৯ নারী দল**কে ৪-০ গোলে হারিয়ে টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই ফাইনালে উঠেছে বাংলাদেশ।

চার দল নিয়ে আয়োজিত এবারের টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হয় বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। গ্রুপপর্বের আগেই বাংলাদেশের ফাইনাল প্রায় নিশ্চিত থাকলেও শেষ ম্যাচে কোনো সমীকরণের আশ্রয় না নিয়ে শক্তির পরিচয় দেয় পিটার বাটলারের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। তৃতীয় মিনিটে মামনি চাকমার কর্নার থেকে নেপালের গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে প্রতিমা মুন্ডা প্লেসিং শটে জাল খুঁজে নেন। ওই গোলেই লিড নেয় বাংলাদেশ।

গোল খাওয়ার পর নেপাল কিছুটা আক্রমণ সাজানোর চেষ্টা করে। তবে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে কোচ পিটার বাটলার শান্তি মারডি ও আলপি আক্তারকে মাঠে নামালে ম্যাচের গতি পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে। ইনজুরি সময়ে আলপি আক্তারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি নেপাল। দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে আলপি আক্তার গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান ৩-০ করেন। কিছুক্ষণ পর আরেকটি গোল যোগ হলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০।

ম্যাচের শেষ দিকে একটি ফাউলের কারণে নেপাল দশজনের দলে পরিণত হয়। শেষ মুহূর্তে বক্সের সামনের ফ্রি কিক থেকে আলপির নেওয়া শট নেপালের গোলরক্ষক দারুণভাবে ঠেকিয়ে দিলে হ্যাটট্রিক থেকে বঞ্চিত হন তিনি।

গ্রুপপর্বে তিন ম্যাচে ১৮ গোল করে একটিও গোল হজম না করেই ফাইনালে উঠেছে বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ নারী দল ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। রাউন্ড রবিন লিগে ভারতকে ২-০ গোলে হারানোর অভিজ্ঞতা থাকায় শিরোপা লড়াইয়ে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে অর্পিতা, আলপি ও প্রতিমারা।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের মঞ্চে টানা ভালো পারফরম্যান্সে বাংলাদেশ আবারও শিরোপার স্বপ্ন দেখছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন