Wednesday, July 29, 2026

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা প্রতিরোধ করল বিজিবি


ছবিঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। দৌলতপুর 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সীমান্ত এলাকায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় ওই ব্যক্তিরা বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারেননি।

শুক্রবার ভোরে দৌলতপুর উপজেলার চকবিলগাতুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত সংলগ্ন এলাকায় অপরিচিত কিছু মানুষের চলাচল দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে বিষয়টি দ্রুত বিজিবিকে জানানো হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে চারজন নারী, চারজন পুরুষ এবং চারজন শিশু রয়েছে। বিজিবির তৎপরতার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

পরে জানা যায়, ওই ব্যক্তিরা সীমান্তের ওপারে ভারতের নদীয়া জেলার করিমপুর থানার চর মেঘনা এলাকায় অবস্থান নেয়। তাদের কয়েকজন নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন বলে সীমান্ত সূত্রে জানা গেছে।

এদিকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টার ঘটনা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিজিবি। পরিস্থিতি মোকাবিলায় সীমান্তজুড়ে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন