Sunday, June 21, 2026

কসবা রেলস্টেশনে স্টেশন মাস্টারকে মারধর ও ভাঙচুর, আটক ১


ছবিঃ আটক সুমন মিয়া (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারকে মারধর এবং সরকারি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার সকালে উপকূল এক্সপ্রেস ট্রেন স্টেশনে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি সুমন মিয়া, তিনি জেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্টেশন সূত্রে জানা যায়, ট্রেনটি কসবা স্টেশনে থামার পর সুমন মিয়া স্টেশন মাস্টারের কার্যালয়ে প্রবেশ করে টিকিট সংক্রান্ত একটি বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ রয়েছে, টিকিট ছাড়া ভ্রমণের কারণে তার কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছিল। এ বিষয়ে ব্যাখ্যা চাইতে গিয়ে তিনি স্টেশন মাস্টারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান জানান, তিনি সুমন মিয়াকে বুঝিয়ে বলেন যে টিকিট পরীক্ষা ও জরিমানা আদায়ের দায়িত্ব ট্রেনের টিকিট পরীক্ষক এবং রেলওয়ে পুলিশের। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তি তার ওপর শারীরিক হামলা চালান।

একপর্যায়ে স্টেশন কার্যালয়ের বিভিন্ন সরঞ্জামও ভাঙচুর করা হয়। ক্ষতিগ্রস্ত সামগ্রীর মধ্যে অ্যানাউন্সমেন্ট সিস্টেম, কম্পিউটার, মাউস, টেলিফোন এবং ওয়াকিটকি রয়েছে বলে জানা গেছে।

ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন এবং পরে তাকে কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, প্রাথমিক তদন্তে টিকিট সংক্রান্ত জরিমানাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে এবং তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর রেলওয়ে স্টেশনে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন