- ২১ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। রাঙামাটি
রাঙামাটিতে নিখোঁজ হওয়ার দুই দিন পর মুক্তা বড়ুয়া (২৮) নামে এক নারীর মরদেহ কাপ্তাই হ্রদ থেকে উদ্ধার করা হয়েছে। রোববার সকালে শহরের রিজার্ভমুখ এলাকার শহীদ মিনার ঘাটসংলগ্ন অংশে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মুক্তা বড়ুয়া তার স্বামী অভিজিৎ বড়ুয়ার সঙ্গে শহরের তবলছড়ি এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয়দের দাবি, মুক্তা বড়ুয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাঝে মধ্যে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যেতেন। এ কারণে পরিবার প্রথমে ধারণা করেছিল, আগের মতোই তিনি কোথাও চলে গেছেন।
এলাকার বাসিন্দা অপু চৌধুরী জানান, সকালে এক শিশুর মাধ্যমে তিনি হ্রদে কিছু ভাসতে দেখার খবর পান। ঘটনাস্থলে গিয়ে কাছ থেকে পর্যবেক্ষণ করে সেটি একটি মরদেহ বলে নিশ্চিত হন এবং দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয় এবং মরদেহটি নিরাপদে তীরে তুলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি থানায় ছিল। মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা পরিচয় শনাক্ত করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।