- ০৭ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। খাগড়াছড়ি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মো. ইমন হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগী সদস্য ছিলেন বলে দাবি করেছে সংগঠনটি।
নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা এবং রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে বাড়ির সামনে হাঁটাহাঁটি করার সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। আকস্মিক হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক অমর চাকমা দাবি করেন, ইমন তাদের সংগঠনের সহযোগী সদস্য ছিলেন। তিনি বলেন, বুধবার রাতে ইমন তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়িতে যান। সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় তিনি ইউপিডিএফের প্রসিতপন্থি গ্রুপকে দায়ী করেন। তবে অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। তিনি আরও বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।