Tuesday, October 20, 2026

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫


ছবিঃ সড়ক দুর্ঘটনা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নাটোর

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহত ও আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকিদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে বাসটি দুমড়েমুচড়ে যায়। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে গিয়ে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, শরীয়তপুর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী ‘আরপি স্পেশাল’ বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরআদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে সোহেল রানা (৪০), বাগমারা উপজেলার কনোপাড়া গ্রামের বাবর আলীর ছেলে আনোয়ারুল হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামের তাছফিয়া খাতুন (৮), শরীয়তপুরের জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের জহরউদ্দিনের ছেলে জুয়েল (৪০), একই উপজেলার ডুবি সাহাপুর গ্রামের ইউনুস আলীর ছেলে সোহাগ (৩০) এবং জাহান উদ্দিন মোল্লার ছেলে আব্দুস সালাম মোল্লা (৪৬)।

এদিকে আহতদের মধ্যে শরীয়তপুরের আলমগীর মাতবর (৫৫), চাঁপাইনবাবগঞ্জের আব্দুস সালাম (৩৫), শিবগঞ্জের ওয়াহিদ আলী (২২), মাদারীপুরের নাইম তালুকদার (২০), নার্গিস আক্তার (৩৫), বরগুনার জেসমিন আক্তার (৩৫), নওগাঁর নিয়ামতপুরের চিরঞ্জিত কুমার (২৫), মান্দার মানিক হোসেন (৩৭) ও শাহাজুল ইসলাম (৩৬) এবং লক্ষ্মীপুরের রাকিব হোসেন (২৫) রয়েছেন।

অন্যান্য হতাহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সহযোগিতা করেন। আহতদের উদ্ধার করে নাটোরের বিভিন্ন হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। বাসটি দুমড়েমুচড়ে যাওয়ায় এবং ভেতরে যাত্রীরা আটকে পড়ায় উদ্ধারকাজে জটিলতা তৈরি হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত বাসযাত্রী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকার রমজান আলী দাবি করেন, ট্রাকটি নিজের লেনেই চলছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, বাসটি বিপরীত লেনে চলে গিয়ে ট্রাকটির সঙ্গে সংঘর্ষে জড়ায়। বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন বলে তাঁর ধারণা।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

দুর্ঘটনার পর বাস ও ট্রাক সড়কের ওপর পড়ে থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।

বনপাড়ায় এই দুর্ঘটনা স্থানীয়দের কাছে পুরোনো এক শোকাবহ স্মৃতিও ফিরিয়ে এনেছে। ২০১৪ সালের ২০ অক্টোবর বড়াইগ্রামের রেজুর মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার ১২ বছর পূর্তির দিনেই একই উপজেলায় আবারও বড় ধরনের সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটল।

একই দিনে দুই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি এবং নতুন করে এত মানুষের প্রাণহানি বনপাড়ার সড়ক নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ তৈরি করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন