Thursday, May 7, 2026

কালকিনিতে হত্যা-ধর্ষণসহ ১৭ মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার


ছবিঃ কালকিনি উপজেলার আলোচিত আসামি ফয়সাল তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। মাদারীপুর

মাদারীপুরের কালকিনি উপজেলায় হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক অপরাধে অভিযুক্ত ফয়সাল তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৭ মে) সকালে কালকিনি থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ফয়সাল তালুকদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ও তার সহযোগীরা উপজেলার কয়েকটি ইউনিয়নে প্রভাব বিস্তার করে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, ফয়সালের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ঘটনার পর ভুক্তভোগী পরিবার নিরাপত্তার আশঙ্কায় এলাকা ছেড়ে চলে গেছে বলে জানা গেছে।

এ ছাড়া, সম্প্রতি এক চা দোকানির মরদেহ উদ্ধারের ঘটনায়ও স্থানীয়দের সন্দেহের তালিকায় ছিলেন ফয়সাল তালুকদার। যদিও এ ঘটনায় তদন্ত চলছে এবং পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী করেনি।

মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, গ্রেফতার এড়াতে ফয়সাল তালুকদার বিভিন্ন কৌশল অবলম্বন করছিলেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন