- ০৭ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। যশোরে
যশোরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ছয় কোটি টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ তিন ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ মে) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— শার্শা উপজেলার রাজনগর গ্রামের রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের আব্দুল গনি (৫৪) এবং সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইসরাইল (৪৬)।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার, কয়েকটি মোবাইলফোন এবং নগদ অর্থও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার একটি চক্রের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করা হয়েছিল। পরে সেগুলো যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
বিজিবি আরও জানায়, আটক তিনজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।