Thursday, May 7, 2026

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


ফাইল ছবিঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বরিশাল 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটকের সামনে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থী, সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। কর্মসূচিতে মো. ফরহাদ হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ইফতেখার সায়েম, মো. বেলাল ও আল ইমরানসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। প্রকৃত অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার সমালোচনা করে তারা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তাদের ভাষ্য, বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে জনমনে ক্ষোভ আরও বাড়বে।

মানববন্ধনে ইফতেখার সায়েম বলেন, ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদবিরোধী একজন সক্রিয় কণ্ঠস্বর। প্রকাশ্যে গুলি করে হত্যার পরও খুনিদের বিচারের আওতায় আনা সম্ভব হয়নি বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, দেশে বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ডের বিচার দীর্ঘসূত্রতায় আটকে থাকায় মানুষ ন্যায়বিচার নিয়ে হতাশ হয়ে পড়ছে।

তিনি সাগর-রুনি হত্যা মামলার প্রসঙ্গ টেনে বলেন, একের পর এক তদন্ত প্রতিবেদন পেছানো বিচারহীনতার সংস্কৃতিকেই সামনে নিয়ে আসছে। ওসমান হাদি হত্যার ক্ষেত্রেও একই ধরনের বিলম্ব দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেন, তারা শুধুমাত্র শোক প্রকাশ করতে আসেননি, বরং ন্যায়বিচারের দাবিতে মাঠে নেমেছেন। তিনি দাবি করেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ওসমান হাদি মানুষের ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার কথা বলতেন। তাই তাঁর হত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে তিনি মনে করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হলে আলোচিত সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন