- ০৩ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ৮৩ পয়সা ধরে জুলাই মাসে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।
গত বছরের একই মাসের তুলনায় চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালের জুলাইয়ে দেশে বৈধ চ্যানেলে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স। সেই হিসাবে এক বছরের ব্যবধানে জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩৮ কোটি ১০ লাখ ডলার বা ১৫ দশমিক ৪ শতাংশ।
এর আগে সদ্য সমাপ্ত ২০২৫–২৬ অর্থবছরের শেষ মাস জুনে দেশে এসেছিল প্রায় ২৮২ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। জুনের তুলনায় চলতি বছরের জুলাইয়েও প্রবাসী আয়ের প্রবাহ কিছুটা বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে জুলাই থেকে জুন পর্যন্ত বৈধ চ্যানেলে দেশে মোট ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।
এর আগের ২০২৪–২৫ অর্থবছরে দেশে প্রবাসী আয় এসেছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে এক অর্থবছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৫২৬ কোটি ডলার বা প্রায় ১৭ দশমিক ৩ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এক অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণের ক্ষেত্রে এটি সর্বোচ্চ রেকর্ড।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাসী আয় পাঠাতে নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং বৈধ পথে অর্থ পাঠানোর সুযোগ সহজ হওয়ায় সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে।
তাদের মতে, প্রবাসীদের বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করার উদ্যোগ অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।