- ০৩ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশে বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। একই সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিম্ন আয়ের ৫৫ লাখ কার্ডধারী পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এ চালের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১৫ টাকা।
সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখা, বাজারে খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সহায়তা করা এবং কর্মসংকটের সময়ে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যেই গত ১ আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু হয়েছে।
কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী পরিবার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল—মোট ছয় মাস প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টিহীনতা কমানো এবং নারী ও শিশুদের পুষ্টির মান উন্নয়নের লক্ষ্যেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল বিতরণ করা হচ্ছে।
অন্যদিকে ২৪৭টি উপজেলায় প্রায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর কাছে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।
এ ছাড়া সারা দেশে ১ হাজার ১০৮টি বিক্রয়কেন্দ্র—দোকান ও ট্রাকের মাধ্যমে—খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ২ আগস্ট পর্যন্ত দেশে মোট খাদ্যশস্যের মজুত দাঁড়িয়েছে ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন।
এর মধ্যে চাল রয়েছে ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান রয়েছে ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন। ধানকে চালের সমপরিমাণে রূপান্তর করে মোট খাদ্য মজুতের হিসাব করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের দাবি, দেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে। পর্যাপ্ত মজুতের মাধ্যমে খাদ্য নিরাপত্তা জোরদার, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপুষ্টি কমানো, নারী ও শিশুদের পুষ্টির উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করতে সরকার কাজ করছে।