- ১৮ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
লা লিগার শিরোপা আগেই নিশ্চিত করেছিল বার্সেলোনা। এবার মৌসুমের শেষ হোম ম্যাচে জয় তুলে নিয়ে স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস গড়েছে কাতালান জায়ান্টরা। ঘরের মাঠে শতভাগ জয় নিশ্চিত করে তারা ভেঙে দিয়েছে রিয়াল মাদ্রিদের চার দশক পুরোনো রেকর্ড।
রোববার ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল বেটিসকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। অপর গোলটি করেন জোয়াও কানসেলো।
এই জয়ের মাধ্যমে চলতি লা লিগা মৌসুমে নিজেদের মাঠে খেলা সবগুলো ম্যাচে জয় পেল হ্যান্সি ফ্লিকের দল। ৩৮ ম্যাচের বর্তমান ফরম্যাটে এটি প্রথম কোনো ক্লাবের এমন অর্জন। বার্সেলোনা ঘরের মাঠে খেলেছে ১৯টি ম্যাচ এবং সবকটিতেই জয় তুলে নিয়েছে।
এর আগে স্প্যানিশ শীর্ষ লিগে ঘরের মাঠে শতভাগ জয়ের রেকর্ড ছিল রিয়াল মাদ্রিদের। ১৯৮৫-৮৬ মৌসুমে ১৮ দলের লিগ কাঠামোয় নিজেদের মাঠে খেলা ১৭টি ম্যাচেই জয় পেয়েছিল মাদ্রিদের ক্লাবটি। তবে বর্তমান ২০ দলের ও ৩৮ ম্যাচের ফরম্যাটে সেই কীর্তিকে ছাড়িয়ে গেছে বার্সেলোনা।
মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় শিরোপার পাশাপাশি এই রেকর্ডও কাতালান সমর্থকদের জন্য বাড়তি আনন্দ এনে দিয়েছে। কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনার আক্রমণাত্মক ফুটবল ও ঘরের মাঠে আধিপত্য ছিল চোখে পড়ার মতো।