- ১৮ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। দৌলতদিয়া
দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় চালকের অদক্ষতা এবং ত্রুটিযুক্ত যানবাহনকে দায়ী করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে—ফেরি প্রস্তুত না থাকা সত্ত্বেও বাসটি অকারণে সামনে এগিয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।
রোববার দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজবাড়ী জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিসহ বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ এবং সচেতনতামূলক এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে বাস দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারসহ জেলার বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৬২ জনের মধ্যে ২ কোটি ৫৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
সেতুমন্ত্রী বলেন, তদন্তে দেখা গেছে, বাসটি নির্ধারিত স্থানে দাঁড়িয়ে ছিল এবং ফেরি তখনও প্রস্তুত হয়নি। কিন্তু কোনো যৌক্তিক কারণ ছাড়াই গাড়িটি চলতে শুরু করলে চালক সেটি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন। ফলে বাসটি সরাসরি নদীতে পড়ে যায়।
ফেরিঘাটের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নিহতদের পরিবারের দাবির প্রসঙ্গে তিনি বলেন, পুরোনো পন্টুনগুলো নির্মাণের সময় গাড়ি আটকে রাখার জন্য উঁচু প্রতিরক্ষাবেষ্টনী রাখা হয়নি। কারণ, তখন ধারণা ছিল যানবাহন সরাসরি পন্টুন থেকে ফেরিতে উঠবে। তবে ঘাট ব্যবস্থাপনায় কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেও স্বীকার করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, দেশে অধিকাংশ সড়ক দুর্ঘটনার পেছনে চালকদের অসচেতনতা, স্বেচ্ছাচারিতা ও ত্রুটিপূর্ণ যানবাহন দায়ী। একই সড়কে ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল এবং আন্তজেলা এসি ও নন-এসি বাসের প্রতিযোগিতামূলক গতি দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সড়ক দুর্ঘটনা কমাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে ২ হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষা, চোখের পরীক্ষা ও মাদকাসক্তি শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, আর্থিক সহায়তা কখনো স্বজন হারানোর শোক দূর করতে পারে না, তবে এটি রাষ্ট্রের দায়িত্ববোধের প্রতীক।
এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি জানান। তিনি বলেন, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে দ্বিতীয় সেতুর বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। এছাড়া বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।