- ১৮ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার গভীর রাতে এনসিপির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। এর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দলের সঙ্গে আর সম্পৃক্ত থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেছিলেন।
রাত পৌনে একটার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বহিষ্কারাদেশে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ৩ মার্চ সর্দার আমিরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ ও সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এরপরও তিনি দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন–এর নির্দেশনায় তাকে দলের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদ থেকেও বহিষ্কার করা হয়।
এর আগে বিকেলে নিজের ফেসবুক পোস্টে সর্দার আমিরুল ইসলাম লেখেন, এনসিপির প্রাথমিক আদর্শ ও মধ্যপন্থী রাজনৈতিক দর্শনে অনুপ্রাণিত হয়ে তিনি দলে যোগ দিয়েছিলেন। তবে নির্বাচনকালীন সময়ে ডানপন্থী জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত তাকে হতাশ করেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও লেখেন, নির্বাচন–পরবর্তী সময়েও দলের মধ্যে ডানপন্থী প্রবণতা বাড়তে দেখেছেন। এ কারণে গত দুই মাস তিনি রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে ছিলেন এবং শীর্ষ নেতাদের কাছে পদত্যাগপত্রও জমা দিয়েছিলেন। যদিও দলীয় নেতৃত্ব তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছিল।
ফেসবুক পোস্টে তিনি বলেন, দলের বর্তমান কার্যক্রমে সেই প্রতিশ্রুতির প্রতিফলন নেই, যা তাকে এনসিপিতে যোগ দিতে উদ্বুদ্ধ করেছিল। মতপার্থক্য বাড়তে থাকায় শেষ পর্যন্ত দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
সর্দার আমিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একসময় ছাত্রদলের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত বছরের মাঝামাঝি সময়ে তিনি এনসিপিতে যোগ দেন।
সম্প্রতি তার পরিবারও আলোচনায় আসে। চলতি বছরের ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে তার ছোট ভাই শাহরিয়ার আলম সাম্য নিহত হন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের নেতা ছিলেন।